দেশের শীর্ষস্থানীয় আলেম হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
শনিবার এক শোকবার্তায় আইজিপি বলেন, আল্লামা শফী একজন সৎ এবং নির্ভীক আলেমে দ্বীন ছিলেন। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ও তার ভক্ত-অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উপমহাদেশের বিখ্যাত আলেম আল্লামা শফী দেশের কওমি মাদ্রাসাসমূহের শীর্ষ সংগঠন আল-হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান।
এছাড়া তিনি বেফাকুল মাদারিস, বাংলাদেশের চেয়ারম্যান এবং আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম মাদ্রাসার মহাপরিচালক ছিলেন।
আল্লামা শফী শুক্রবার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।
