ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৬ পিএম

ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নে শ্বশুর বাড়ি থেকে সুফিয়া বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার দুপুর ১টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের ওই গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সুফিয়া বেগম (২৮) ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের হোসেন আলীর স্ত্রী। সুফিয়া মানিকগঞ্জ জেলার মৃত ইংরেজ খাঁর মেয়ে।

পুলিশ জানায়,  রবিবার সকাল ৭টার দিকে প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করেও সুফিয়ার আওয়াজ না পেয়ে সন্দেহ হয়।  পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে গেলে সুফিয়াকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, প্রাথমিকভাবে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে। এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত