পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে নাব্য সংকট ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে। এ কারণে পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে কয়েক শত পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
মঙ্গলবার ভোর থেকে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যা বাড়ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের শ্রমিক, যাত্রী ও চালকরা।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট গুলজার হোসেন বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পাটুরিয়া দুই টার্মিনালে তিন শতাধিক ট্রাক, দুই শতাধিক ছোট গাড়ি, ৫০টির মতো যাত্রীবাহী বাস ও উথুলি সংযোগ মোড়ে আড়াই শতাধিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। তবে যানবাহন ফেরি পারাপারের সঙ্গে আবার নতুন করে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, শিমুলিয়া-কাঠঁলবাড়ী রুটে ফেরি সীমিত আকারে চলাচল করায় ওই রুটের প্রতিদিন তিন-চারশ বাড়তি ট্রাক এ রুটে আসছে। পাশপাশি নদীতে নাব্যতা সঙ্কটের সঙ্গে ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরির মধ্যে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
