একটি হত্যা মামলায় করিম মিয়া (২৫) নামের এক কাঠমিস্ত্রিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা দক্ষিণ মরাকাটা গ্রামের কাছুয়া মামুদের ছেলে করিম মিয়ার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করতেন একই এলাকার আবেদ আলীর ছেলে আদম আলী (১৯)।
২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে তার পাওনা টাকা চান। টাকা যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন করিম। কথা কাটাকাটির এক পর্যায়ে বাটাল দিয়ে আদম আলীর পেটে ও কপালে আঘাত করেন করিম মিয়া। এরপর আহত আদম আলীকে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
নিহতের বাবা আবেদ আলী কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীঘ নয় বছর শুনানির পর আদালত মামলার একমাত্র আসামি করিম মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।
