লেবাননে ফের ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৫ পিএম

লেবাননে ভয়াবহ এক বিস্ফোরণের ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। দেশটির দক্ষিণাঞ্চলে কানা গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে।

মঙ্গলবারের এ ঘটনার কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, বেশ শক্তিশালী কোনো বিস্ফোরণ ঘটেছে গ্রামটিতে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে গ্রামের একটি গ্যাস স্টেশন ও সমাধিস্থলের পাশে এ বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।

এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের ফলে আশপাশে কিছু ভবন বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ৪ আগস্ট স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় প্রায় দুইশ মানুষের প্রাণহানি ঘটে, আহত হন ৬ হাজারের বেশি।

বৈরুত বন্দরের একটি গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থেকে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠে অনেক দূরের এলাকাও। ভূমধ্যসাগরের অপর পাড়ের সাইপ্রাসে সৃষ্টি হয় ভূকম্পনের।

ভয়াবহ ওই বিস্ফোরণের পর বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে আসে। দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে সরকারের পদত্যাগ দাবি করে তারা।

নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনের চেষ্টা করলেও একপর্যায়ে পুরো সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত