সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে সরকারপন্থী বিভিন্ন বাহিনী এবং ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।
মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি এ কথা জানিয়েছে। খবর: এএফপি।
সংস্থাটি জানায়, ‘আইএস সোমবার থেকে রাকার বদিয়ায় (মরুভূমি) সিরিয়ার সেনা এবং মিত্রদের অবস্থান ও চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলায় সরকারি বাহিনীর ১৩ সদস্য নিহত হয়।’
ব্রিটেনভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান বলেন, সেখানে সরকারি বাহিনীর পাল্টা বিমান ও স্থল হামলায় ১৫ আইএস জঙ্গি নিহত হয়েছে।
গত ২০১৯ সালের মার্চে পরাজিত হওয়ার পর থেকে ইসলামিক স্টেট গ্রুপ সেনা ও কুর্দি বাহিনী লক্ষ্য করে প্রায় হামলা চালিয়ে আসছে।
গত আগস্টে জঙ্গিরা দিয়ার ইজোর নগরীর কাছে এক হামলা চালানোর দাবি করে। ওই হামলায় এক জেনারেল এবং দামেস্ক সরকারের মিত্র রুশ সেনাবাহিনীর অপর দুই সেনা নিহত হয়।
