ভুল আসামি জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ার রায় ২৯ সেপ্টেম্বর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০২:২৮ পিএম

ভুল আসামি হয়ে ২৬ মামলায় প্রায় তিন বছর কারাগারে থাকা পাটকল শ্রমিক জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রায় ২৯ সেপ্টেম্বর দেওয়া হবে।

হাইকোর্টের কার্যতালিকায় প্রকাশিত তথ্যে রায়ের জন্য ধার্য তারিখটি জানা যায়।

মামলাটি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে ২৯ সেপ্টেম্বরের কার্যতালিকায় রায়ের জন্য ১ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘আজকে কজলিস্ট দেখলাম। মামলাটি রায়ের জন্য ২৯ সেপ্টেম্বর এক নম্বর আইটেম হিসেবে রাখা হয়েছে।’

গত ১২ ফেব্রুয়ারি রুলের ওপর শুনানি শেষে মামলাটি যে কোনো দিন রায় ( সিএভি) ঘোষণার জন্য রাখা হয়।

শুনানিতে আদালতে জাহালমের পক্ষে ছিলেন আইনজীবী সুভাষ চন্দ্র দাস। সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী জাকির হোসেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী আসাদুজ্জামান। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ২৬টি মামলা হয়। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন, আদালতে হাজিরা দিয়ে চলেছেন জাহালম। যিনি পেশায় পাটকল শ্রমিক। যে ঘটনার তদন্ত করে দুদক বলছে, জাহালম নিরপরাধ। একই মত দেয় জাতীয় মানবাধিকার কমিশনও।

পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনটি গত বছরের ২৮ জানুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত।

এরপর হাইকোর্ট জাহালমকে ওই দিনই মুক্তির নির্দেশ দেন। সেই সঙ্গে জাহালমকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে রুলও জারি করেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত