মধ্যপাড়া খনিতে পুরোদমে পাথর উত্তোলন শুরু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫ এএম

দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র পাথরখনি মধ্যপাড়ায় পুরোদমে পাথর উত্তোলন শুরু করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে তিন শিফটেই পাথর উত্তোলন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-টেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

করোনা পরিস্থিতির মধ্যে গত ১৬ আগস্ট জিটিসি এক শিফটে পাথর উত্তোলন শুরু করে। এর কদিন পর তারা প্রতিদিন দুই শিফটে উৎপাদনে যায়। 

করোনার কারণে গত ২৬ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে চার মাস খনির পাথর উত্তোলন বন্ধ ছিল।

করোনায় উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও গত ২৯ এপ্রিল থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৫৫ কোটি টাকা মূল্যের প্রায় ৬ লাখ ৭০ হাজার মেট্রিক টন পাথর বিক্রি হয়েছে। এখনো খনি ইয়ার্ডে আরও প্রায় ১ লাখ মে.টন পাথর মজুদ রয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম কামরুজ্জামান পুরোদমে পাথর উত্তোলনের সত্যতা স্বীকার করে বলেন, মধ্যপাড়ার পাথরের চাহিদা ও বিক্রি বৃদ্ধি পাওয়ায় তিন শিফটেই কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত