অমাবস্যার জোর প্রভাবে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে বিপদসীমার ওপর দিয়ে পানি বইছে। তীব্র স্রোতের কারণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের প্রায় আধা কিলোমিটার ভেঙে পূর্ব আলগির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারে প্লাবিত আর ভাটায় শুকিয়ে চরম জনদুর্ভোগে পড়েছে সেখানকার শতাধিক পরিবার।
স্থানীয়দের ভাষ্য, গত রবিবার অমাবস্যার জোর প্রভাবে তীব্র স্রোতে লেবুখালীর মরিচার খাল থেকে পূর্ব আলগি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে পূর্ব-আলগি গ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। এ ঘটনায় প্রতিদিনই ওই এলাকা জোয়ারে ভাসে আবার ভাটায় শুকিয়ে যায়। এতে গ্রামবাসীদের জীবনযাত্রা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
পূর্ব-আলগি গ্রামের বাসিন্দা মো. আবদুল কুদ্দুস মৃধা বলেন, ‘জোয়ারের পানিতে পায়রা নদীর তীরবর্তী অনেকের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনাহারে কাটাতে হচ্ছে। আবার ভাটায় পানি নেমে শুকিয়ে গেলেও ভাঙাচোরা রাস্তাঘাটে স্বাভাবিক চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান জানান, ভাঙনকবলিত এলাকার বেড়িবাঁধ পরিদর্শন করে যত দ্রুত সম্ভব মেরামত করা হবে।
