রংপুর সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অন্যান্য প্রার্থীসহ মোট ১৯৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম দেশ রূপান্তরকে জানান চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত আসনে ৫০ জন ও সাধারণ সদস্য আসনে ১৩১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনটি ইউনিয়নেই আওয়ামী লীগ ও জাপার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। ইউনিয়নগুলো হলো জেলা সদরের সদ্যপুষ্করিণী, হরিদেবপুর ও চন্দনপাট। ঘোষিত তফসিল অনুযায়ী স্থগিত হয়ে থাকা ওই তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোট গ্রহণ হবে আগামী ২০ অক্টোবর।
ঘোষিত তফসিল অনুযায়ী গত বুধবার মনোনয়নপত্র দাখিল করা হয়। আগামীকাল শনিবার মনোনয়নপত্র বাছাই, ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
