পুলিশ পরিচয়ে যুবককে তুলে নেয়ার অভিযোগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৮ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে সাইফুল ইসলাম নামে এক যুবককে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে একটি কালো হাইস মাইক্রোবাসে তাকে তুলে নেয়া হয় বলে পরিবার জানায়।

সাইফুল ইসলাম পেন্নাই গ্রামের মৃত আবু ছিদ্দিক মিয়ার ছেলে।

শুক্রবার দাউদকান্দি মডেল থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরি করেন তার বড় ভাই জহিরুল ইসলাম।

সেখানে উল্লেখ করা হয়, সাইফুল ইসলাম একজন ব্যবসায়ী। দুপুরে তিনি একজনের সঙ্গে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় কথা বলছিলেন। এ সময় কাইলো রঙের মাইক্রোবাসে চারজন ওয়াকটি ও পিস্তল নিয়ে তার ভাইকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্ধ রয়েছে।  

জহিরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আমার ভাই পরিবহন ব্যবসা করে। বৃহস্পতিবার পুলিশ পরিচয়ে তুলে নেয়ার পর থেকে তার সন্ধান মিলছে না। ডিবি পুলিশ, র‌্যাব ও থানা পুলিশ কার্যালয়ে খোঁজ করেও কোনো সন্ধান পাইনি।

দাউদকান্দি মডেল থানার ওসি রিফকুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমরা কিছু জানি না। সাধারণ ডায়েরি হওয়ার পর বিষয়টি জানতে পেরেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত