অনুপ্রবেশ ঠেকাতে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সদস্যরা সীমান্তে দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে গুলি করে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষমাপ্রার্থনা করেছেন দেশটির নেতা কিম জং-উন। দক্ষিণ কোরীয় ওই নাগরিককে হত্যার ঘটনায় সিউলের কাছে পাঠানো এক চিঠিতে বিরল এই ক্ষমাপ্রার্থনা করেছেন তিনি। চিঠিতে কিম প্রেসিডেন্ট মুন জায়ে ইনের কাছে ক্ষমা চেয়ে ওই হত্যাকাণ্ড ঘটা উচিত ছিল না বলে ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়া বলছে, দেশটির এক নাগরিক সীমান্তে উত্তর কোরিয়ার জলসীমায় ভাসছিলেন। তাকে গুলি চালিয়ে হত্যা করে উত্তর কোরিয়ার সেনারা। পরে মরদেহে তেল ঢেলে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
প্রায় এক দশকের মধ্যে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর হাতে দক্ষিণের প্রথম কোনো নাগরিক সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হলেন; যা দক্ষিণ কোরিয়ায় ব্যাপক ক্ষোভ তৈরি করেছে।
