নবীনগরে চোরের ছুরিকাঘাতে প্রবাসী খুন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোরের বেশে আসা দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক প্রবাসী খুন হয়েছেন। মাদারীপুরের শিবচরে ঘর থেকে উদ্ধার করা হয়েছে বৃদ্ধের রক্তাক্ত লাশ। জয়পুরহাটের ক্ষেতলালে নদীতে পাওয়া গেছে ভ্যানচালকের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর :

ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে চোরের বেশে আসা দুর্বৃত্ত ছুরিকাঘাতে খুন করেছে সোহাগ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের পাক হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগ মিয়া এলাকার গনি মিয়া হাজির ছেলে।

পরিবার জানায়, মধ্যরাতে গনি হাজির বাড়িতে মুখে কাপড় বেঁধে এক ব্যক্তি ঢোকে। বাড়ির প্রবাসী ছেলে সোহাগ বিষয়টি টের পেয়ে চোর চোর বলে ধাওয়া করে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। এ সময় সে তার হাতে থাকা ছুরি দিয়ে সোহাগকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। প্রথমে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লায় নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে তিনি মারা যান।

মাদারীপুর : শিবচর পৌরসভার নলগোড়া থেকে ফুয়াদ হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ভাড়া বাসায় তার লাশ পাওয়া যায়। ফুয়াদ শিবচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত আনসার উদ্দিন হাওলাদারের ছেলে।

জয়পুরহাট : ক্ষেতলাল উপজেলার হোপপীরহাট এলাকার হারাবতী নদী থেকে আবু হোসেন (৩৩) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুদিন ধরে নিখোঁজ ছিলেন। নিহত আবু হোসেন জয়পুরহাট সদরের কাদোয়া-ঢোলপাড়া গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মন্ডল জানান, গত ২৩ সেপ্টেম্বর বিকেলের দিকে আবু হোসেন ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত