বৃষ্টিতে গাইবান্ধা শহরে জলাবদ্ধতা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৭ এএম

নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকায় ও প্রয়োজনীয় নালার অভাবে গত কয়েক দিনের বৃষ্টিতে গাইবান্ধা পৌরসভার সবগুলো ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও আবাসিক এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে করে যানবাহন চালক ও পৌরবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, গাইবান্ধা জেনারেল হাসপাতাল সড়ক, জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয় চত্বর, খাঁপাড়ায় গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) রোড, মধ্যপাড়া স্কুল রোড, মুহুরিপাড়া, পলাশপাড়ায় গাইবান্ধা ক্লিনিকের সামনের সড়ক, মায়া ক্লিনিকের সামনের সড়ক, সুখশান্তির বাজার-খানকাহ শরীফ রোড, ডিসি অফিসের পেছনে সুখনগর জামে মসজিদ রোড এবং গাইবান্ধা ডিবি রোডসহ অনেক সড়ক ও আবাসিক এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এসব সড়কসহ আবাসিক এলাকাগুলোয় হাঁটুসমান পানি জমেছে।  গাইবান্ধা শহরের ডিবি রোডসহ বেশকিছু সড়কে বৃষ্টির পানি জমে রাস্তায় পিচ উঠে খানাখন্দ তৈরি হওয়ায় যাতায়াতে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, পানি নিষ্কাশনের জন্য জেলা শহর ও আবাসিক এলাকাগুলোয় প্রয়োজনীয় নালা নেই। গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বলেন, বৃষ্টির কারণে শহরের ড্রেনগুলোয় ময়লা-আবর্জনা জমায় পানি নিষ্কাশন হতে পারছে না। শহরের পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্র্ণ সড়কগুলোতে নতুন করে নালা নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে শহরে জলাবদ্ধতা থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত