ভারী শিল্পের বিকাশ ও অসংখ্য বেকারের কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ উপযোগী উত্তরবঙ্গের অন্যতম শিল্প জোন হবে সিরাজগঞ্জ। এই এলাকা শিল্প স্থাপনের খুবই উপযোগী। পাশাপাশি এখানে উৎপাদিত পণ্য পরিবহনে সড়ক, রেল ও নৌপথে যথাযথ যোগাযোগব্যবস্থা রয়েছে। তাই এখানে নির্মাণাধীন বিসিক শিল্প পার্কে বিনিয়োগ করার জন্য দেশি-বিদেশি ব্যবসায়ীরা আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আশা করছি আগামী এক বছরের মধ্যে যাবতীয় কাজ শেষ হলে ৪০০ একর জায়গায় ছোট-বড় ৮২৯টি শিল্প কারখানা গড়ে উঠবে।
গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্পপার্ক এলাকায় কাজের অগ্রগতি পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন বিসিক চেয়ারম্যান মো. মোস্তাক হাসান।
বিসিক চেয়ারম্যান আরও বলেন, শিল্পায়নে সমৃদ্ধ না হলে দেশ এগিয়ে যাবে না। বর্তমান সরকার এই নীতি অবলম্বন করে সারা দেশে বিসিকের মাধ্যমে শিল্পপার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে এই শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে।
এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি, ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান প্রকৌশলী লে. কর্নেল (অব.) জিয়াউল হাসানসহ বিসিকের কর্মকর্তারা।
