জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলা ভাষণের ৪৬তম বার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিশ্বে করোনা রোধে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৩ এএম

করোনা মহামারী রোধে বিশে^র সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা সবার কাছ থেকে সহায়তা আশা করি। তেমনিভাবে কোনো দেশের যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয়, আমরা তা দিতে প্রস্তুত।’ জাতিসংঘ সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বাংলায় ভাষণদানের ৪৬তম বার্ষিকী এবং ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি বিশ্ব করোনাভাইরাস মহামারী থেকে মুক্তি পাবে এবং অর্থনীতির চাকা আবার ঘুরতে শুরু করবে। সবাই তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে এবং এ জন্যই গোটা বিশ^কে একত্রে কাজ করতে হবে।’ একই সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য জোরদার করতে কূটনীতিকদের অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বাংলায় ভাষণ এবং সুগন্ধায় বঙ্গবন্ধুর প্রথম কার্যালয়ের দুটি অডিও-ভিজুয়াল প্রেজেন্টেশন প্রদর্শিত হয়। এতে বাংলাদেশ সরকারের প্রথম দিকের চিত্র তুলে ধরা হয়।

করোনাভাইরাস পরিস্থিতিতে সম্ভাব্য খাদ্যসংকটের বিষয়ে তার সরকারের আগাম সতর্কতার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্বে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কিন্তু বাংলাদেশে যেন কোনোমতে সেই দুর্ভিক্ষের ছোঁয়া না লাগে তাই আমরা যতটুকু পারি খাদ্য উৎপাদন করা, খাদ্য বিতরণ করা, দরিদ্র মানুষকে বিনা পয়সায় খাদ্য দেওয়া এবং খাদ্য নিশ্চয়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

৩১ দফা নির্দেশনা অনুসরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে অব্যাহত রাখার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কভিডের কারণে আমাদের জিডিপির যেটা টার্গেট ছিল, সেটা আমাদের পক্ষে অর্জন সম্ভব হয়নি। এবার ৫ দশমিক ২৪ শতাংশের মতো জিডিপি অর্জন করতে পেরেছি। কিন্তু আমরা আশা করি, আগামীতে আমাদের প্রবৃদ্ধি আমরা আরও বেশি অর্জন করতে সক্ষম হব এবং সেদিকে লক্ষ রেখেই কাজ করে যাচ্ছি।’

ব্যবসা-বাণিজ্য জোরদারে কূটনীতিকদের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘কূটনৈতিক মিশনগুলোর দায়িত্ব আজকের বিশ^ পরিবর্তিত হয়েছে। এখন রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি সামনে উঠে এসেছে। আমাদের এমনভাবে কূটনীতি অবলম্বন করতে হবে যাতে আমরা দেশের ব্যবসা-বাণিজ্য জোরদার করতে পারি এবং বিশ্বের সবার সঙ্গে একত্র হয়ে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে পারি।’

জাতির পিতার অসম্পন্ন কাজ সম্পন্ন করাই তার একমাত্র লক্ষ্য উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে জাতির পিতা এ দেশের মানুষকে যে মর্যাদার আসনে বসিয়েছিলেন, তাকে হত্যা করার মধ্য দিয়ে তা ভূলুণ্ঠিত হয়। তখন দেশে কোনো গণতন্ত্র ছিল না, মানুষের অধিকার ছিল না, মুখে গণতন্ত্র ছিল। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। সেই ভাগ্য পরিবর্তন করাই আমার লক্ষ্য ছিল। সেই লক্ষ্যেই আজও আমরা কাজ করে যাচ্ছি।’

এ বছর করোনার জন্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেতে না পারায় এবং বিশ্বনেতাদের মিলনমেলায় অংশ নিতে না পারার আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মূল বক্তব্য পাঠ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার নবনির্মিত ভবন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে ফরেন সার্ভিস একাডেমি ভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ‘বঙ্গবন্ধু, শেখ হাসিনা অ্যান্ড দ্য ইউনাইটেড ন্যাশনস : বাংলাদেশ অ্যাট দ্য ওয়ার্ল্ড স্টেজ’ এবং ‘বঙ্গবন্ধু, দ্য পিপলস হিরো’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের ৪৬ বছর পূর্তিতে স্মারক ডাকটিকিট : বঙ্গবন্ধুর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো বাংলায় দেওয়া ঐতিহাসিক ভাষণের ৪৬ বছর পূর্তি উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ডাক অধিদপ্তর। গতকাল ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার দপ্তর থেকে ডাকটিকিটটি অবমুক্ত করেন।

এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ড ও একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করা হয়। স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম পরবর্তী সময়ে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো এবং অন্যান্য জিপিও, প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত