নড়াইলে দুর্বৃত্তদের হাতে যুবক খুন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১১:১০ এএম

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে আরিফ খন্দকার (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ জামরিলডাঙ্গা গ্রামের নুরু খন্দকারের ছেলে।

তিনি পেশায় একজন কৃষক ও বালু ব্যবসায়ী। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আরিফ জামরিলডাঙ্গা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে আলফু মিস্ত্রির বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে বেপরোয়াভাবে মারধর ও কোপাতে থাকে।

এ সময় তিনি পাশের একটি গর্তে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে এবং আলফু মিস্ত্রির বাড়িতে ওঠেন। আলফু মিস্ত্রির বাড়ির লোকজন গুরুতর জখম আরিফের ক্ষতস্থানে রক্তপাত বন্ধ করতে কাপড় দিয়ে বেঁধে ভ্যানযোগে আরিফের বাড়িতে পৌঁছে দেয়।

পরে তার পরিবারেরর সদস্যরা রাতেই চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফের স্ত্রী কুলসুম বেগম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাতের খাবার খেয়ে তার স্বামী আরিফ জামরিলডাঙ্গা বাজারের উদ্দেশ্যে বের হন। এ সময় কুলসুম পেট ব্যথার গ্যাসের ট্যাবলেট আনতে বলেন। রাত সাড়ে ১১টার পর তার স্বামীকে কুপিয়ে জখম করার খবর জানতে পারেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি। নিহত আরিফের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। রবিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; ব্যক্তিগত শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কাউকে অভিযুক্ত করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত