নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানে যুদ্ধের দামামা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৮ পিএম

বিতর্কিত নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। এতে এখন পর্যন্ত এক নারী ও শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নতুন করে সংঘর্ষের সূত্রপাত করায় একে-অপরকে দোষারোপ করছে দেশ দুটি। আর্মেনিয়া বলছে, আজারবাইজান প্রথমে আকাশ ও গোলন্দাজ হামলা শুরু করে। পরে এই অঞ্চলে সামরিক আইন জারির পাশাপাশি সামরিক উপস্থিতি বাড়ায়।

অন্যদিকে, আজারবাইজান বলছে, প্রতিপক্ষ হামলা চালানোর পর জবাব দেয় তারা। হামলায় উভয় দেশই একাধিক সাধারণ নাগরিকের মৃত্যুর খবর দিয়েছে।

বেশ কয়েক বছর ধরে শান্ত থাকার পর সাম্প্রতিক মাসগুলোতে নাগার্নো-কারাবাখ নিয়ে অঞ্চলটির দাবিদার দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে। গত জুলাইয়ে দুই পক্ষের মধ্যে লড়াইয়ে অন্তত ১৬ জন নিহত হয়।

সবশেষ সংঘর্ষে আজারবাইজানের অন্তত একটি হেলিকপ্টার আর্মেনিয়াবাহিনী ভূপাতিত করেছে বলে বিবিসি জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশই এক সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশ দুটি স্বাধীন হয়। তারপর থেকে নাগার্নো-কারবাখ অঞ্চল নিয়ে গত চার দশক ধরে বিরোধে জড়িয়ে আছে দুই প্রতিবেশী।

আন্তর্জাতিকভাবে অঞ্চলটিকে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এটি আর্মেনিয়ান নৃগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত