ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের বড় ভাই মো. বেলাল উদ্দিন। রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ফেনী সদরে অবস্থিত ঢাকা ব্যাংক শাখা থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে বাড়ি ফিরে যাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তাদের সাথে কথা বলে জানা যায়, মো. বেলাল উদ্দিনের চৌদ্দগ্রামের গুণবতীতে ব্যবসা কেন্দ্র রয়েছে। তার বাড়িও গুণবতীতেই। নিখোঁজ বেলাল উদ্দিনের বয়স ৫০ বছর। পরনে সিলভার কালারের পাঞ্জাবি পায়জামা ছিল। মুখে ছিল হালকা দাঁড়ি।
এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা স্থানীয় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি। পরিবারের সদস্যরা সবাই ভাইয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। এছাড়াও যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৯১২২৯৫৬৭৫৩-এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করলাম।’
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) হায়দার আলী বলেন, ‘ভুক্তভোগীর পরিবার বিষয়টি আমাদের জানিয়েছে। জিডি অনুযায়ী আমরা বিষয়টি নিয়ে তদন্ত করব।’
