বাকিতে সিগারেট না দেওয়ায় রাজশাহীতে যুবক খুন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪১ পিএম

বাকিতে সিগারেট না দেওয়ায় রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। ভেড়িপাড়া মোড়েই পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়। এ ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আদর। তার বয়স আনুমানিক ৩৮ বছর। বাবার নাম আবদুল গফুর। ভেড়িপাড়া এলাকাতেই তার বাড়ি। ওই এলাকাতেই তার একটি পান-সিগারেটের দোকান রয়েছে।

পুলিশ জানায়, আহত অবস্থায় আদরকে স্থানীয়রা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিকভাবে ওয়ার্ডে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, আদরকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখেছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় নিহতের ভাই আব্দুল হান্নান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ৬জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, আরও ৭-৮জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামি দর্পণ ও বাপ্পা নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, আদরের দোকান থেকে স্থানীয় কয়েকজন যুবক বাকিতে সিগারেট কিনতেন। সোমবার রাতে তারা সিগারেট নিতে গেলে আগের বকেয়া টাকা চান তিনি। আগের টাকা না দিলে তিনি সিগারেট দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে আদরের সঙ্গে রাত ৯টার দিকে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। এরই জের ধরে রাত ১২টার দিকে কয়েকজন গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আদরকে কুপিয়ে পালিয়ে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত