করোনাভাইরাস থেকে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে মায়ের বুকের দুধের তাৎপর্যপূর্ণ ভূমিকা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। পেইচিংয়ের একদল গবেষক সার্স-কভ-২ ভাইরাসের সংস্পর্শে আসা কোষগুলোতে মায়ের দুধের প্রভাব পরীক্ষা করেছেন। তারা বলছেন, মায়ের দুধ শরীরে করোনাভাইরাসের প্রবেশ ঠেকানোর পাশাপাশি এই ভাইরাস নির্মূল করে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কভিড সংক্রমিত মায়েদেরও সন্তানকে বুকের দুধ পান করানোর পরামর্শ দেওয়া হয়। সাম্প্রতিক এ গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তের পক্ষেই জোর সমর্থন হাজির করেছে।
পেইচিং ইউনিভার্সিটি অব কেমিক্যাল টেকনোলজির অধ্যাপক টং ইগাংয়ের এই গবেষণায় নেতৃত্ব দেন। গত শুক্রবার ‘বায়োরেক্সিভ ডটওআরজি’ সাময়িকীতে ওই গবেষণার ফলাফল প্রকাশিত হয়। গবেষকরা জানান, তারা প্রমাণ পেয়েছেন মায়ের বুকের দুধে অধিকাংশ জীবিত ভাইরাস মারা যায় এবং ভাইরাসের প্রবেশও বাধাপ্রাপ্ত হয়। গবেষক টং ও তার সহকর্মীরা মায়ের বুকের দুধের সঙ্গে কিছু সুস্থ কোষের মিশ্রণ ঘটান। এরপর বুকের দুধ সংগ্রহ করে কোষগুলোকে ভাইরাস সংক্রমণের জন্য উন্মুক্ত করে দেন। তারা প্রমাণ পেয়েছেন, ওই কোষগুলোতে ভাইরাস ঢুকতে পারেনি। এ ছাড়া সংক্রমিত কোষে ভাইরাসের প্রতিলিপি উৎপাদন বন্ধ করে দিতে পারে।
