লোহাগাড়ায় তিন ইউপি নির্বাচন

স্বতন্ত্র প্রার্থীদের হুমকির অভিযোগ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া সদর ও আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীর পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন ইউপির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের প্রার্থীসহ নেতাকর্মীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন যাতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ না নেন।

আমিরাবাদ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক পেয়ারু বলেন, ‘আমি যাতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে না পারি সে কারণে আওয়ামী লীগের প্রার্থীসহ নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন। এতে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি-না তা নিয়ে সংশয়ে আছি। একই ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানও এমন শঙ্কার কথা জানান। আমিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এস এম ইউনুচ বলেন, ‘আমি এখনো নির্বাচনী প্রচার শুরু করিনি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাহাবউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের কর্মী-সমর্থকদের আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে চাপ দিচ্ছেন। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানাব।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু বলেন, তিন ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র বা অন্যান্য দলের প্রার্থীদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত