ঠাকুরগাঁও চিনিকলকে লাভজনক করতে আধুনিকায়ন ও ডিস্টিলারি ইউনিট স্থাপন, শ্রমিকদের বকেয়া বেতন, অবসরপ্রাপ্ত শ্রমিকের গ্রাচুইটির টাকা ও চাষিদের আখের দাম পরিশোধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাষ্ট্রায়ত্ত চিনিশিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন মিলের শ্রমিক-আখচাষিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও চিনিকলটি রক্ষা করতে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করে সারা বছর মিলটি চালু রাখতে হবে।
এতে বক্তব্য দেন রাষ্ট্রায়ত্ত চিনিশিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম রুবেল, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আহসানুল হাবিব বাবু প্রমুখ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, আখচাষিদের বকেয়া পরিশোধ হয়েছে। তবে শ্রমিক কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য অর্থ চেয়ে ঊর্ধ্বতন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আর ঠাকুরগাঁও চিনিকল আধুনিকায়ন ও সুগার বিট প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
