রায় প্রত্যাখ্যান মিন্নির বাবার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৪ পিএম

আদালতকে প্রভাবিত করার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজা‌ম্মেল হক কি‌শোর।

বুধবার দুপুরে রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণার পরে বরগুনায় আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মোজা‌ম্মেল হক বলেন, ‘মিন্নি কোনো দোষ করেনি। সে জীবনের ঝুঁকি নিয়ে আক্রমণকারীদের কবল থেকে তার স্বামীকে রক্ষার চেষ্টা করেছে। আমি এই রায় প্রত্যাখ্যান করছি।’

মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। সেখানে মিন্নিকে নির্দোষ প্রমাণ করতে পারবো। এই রায়ে আমরা সংক্ষুব্ধ।’

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকি চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন- রিফাত ফরাজী, রাব্বি আকন, সিফাত, হৃদয়, হাসান ও মিন্নি। আর খালাস পেয়েছেন মুসা, রাব্বি, সাগর ও সায়মুন।

গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে কিশোর গ্যাং বন্ড বাহিনী কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। ওই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত