সন্তুষ্ট রিফাতের বাবার চাওয়া রায় দ্রুত কার্যকর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৬ পিএম

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

তিনি বলেছেন, ‘বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে তাতে আমি এবং আমার পরিবার সন্তুষ্ট। আমার ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মিন্নিসহ যে ৬ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে তাতে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। তবে এই রায় যাতে দ্রুত কার্যকর করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।’

বুধবার রায়ের পর বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দুলাল শরীফ।

তিনি আরও বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, যাতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে যারা নিরপরাধী তারা যেন এই মামলায় সাজা না পায়। আদালত ন্যায়বিচার করেছে, অপরাধীদের সাজা দিয়েছে, নিরপরাধীদের মুক্তি দিয়েছে।’

মিন্নির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চাইলে দুলাল শরীফ বলেন, ‘মিন্নির জন্যই আজ এতগুলো পরিবার মামলার বোঝা নিয়ে ঝুলছে। আমার ছেলের হত্যার প্রধান পরিকল্পনাকারী মিন্নি। ওর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।’

চার আসামির খালাসের বিষয়ে তিনি বলেন, ‘আদালত ন্যায়বিচার করেছে। আমি শুরু থেকেই বলে আসছি, আমি কোনো নিরপরাধীকে ফাঁসাতে চাই না। আমি আমার ছেলেকে হারিয়েছি। ছেলে হারানোর যন্ত্রণা আমি জানি, তাই কোনো বাবা যেন বিনা কারণে তার সন্তানকে হারিয়ে কষ্ট না পায়। আমি সেটাই চেয়েছি। আদালত যে রায় দিয়েছে তাতে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত