রাবি ছাত্রের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০৩:১৫ পিএম

আইসিইউ না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ্ আল মামুন এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা যান তিনি। আলসার ও জন্ডিসে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার কিডনিতেও সম্প্রতি সমস্যা দেখা দেয় বলে সহপাঠীরা জানান।

আব্দুল্লাহ আল মামুন মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি রাজশাহীর নওহাটা এলাকার আক্কাস আলীর ছেলে।

হাসপাতালে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে থাকা তার সহপাঠী ঈসমাইল হোসেন জনি জানান, ভোর রাত আনুমানিক চারটার দিকে আব্দুল্লাহ আল মামুনের জন্য আইসিইউয়ের প্রয়োজন পড়ে। তারা আইসিইউ’র জন্য যোগাযোগ করলে একটি ‘রিজার্ভ’ সিট ফাঁকা আছে বলে জানানো হয়। এই সিট পেতে হলে হাসপাতালের পরিচালকের লিখিত অনুমতি লাগবে বলে দায়িত্বরতরা জানান। সিট পেতে হাসপাতাল পরিচালককে রাতে ফোন করেন তারা; তবে তিনি ফোন ধরেননি। সকালে মারা যান আব্দুল্লাহ আল মামুন।

রাবির মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক বলেন, রাত চারটার দিকে আমাকে এক ছাত্র ম্যাসেজ করে আইসিইউয়ের জন্য সহযোগিতা করতে অনুরোধ জানান। ঘুমিয়ে থাকায় তখন ম্যাসেজের সাড়া দিতে পারিনি। সে যদি আইসিইউ পেত তাহলে চিকিৎসাটা আরও ভালো হত। এমন দুঃসংবাদ আসতো কি-না সেটা জানি না।’

এ বিষয়ে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত