সাভারে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০৯:৩৯ পিএম

সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় একটি প্লাস্টিক টিউব কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ কর্মচারী দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হেমায়েতপুর হরিণধরা এলাকার পদ্মা ক্যানস অ্যান্ড ক্লোজারস লিমিটেড নামক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হলেন– শরিফ (১৮), সোহেল রানা (১৮), মেহেদী হাসান (৩০), রেজওয়ান হোসেন (১৮) ও হিরণ (৩০)। এদের মধ্যে শরিফের শরীরের ২ শতাংশ, সোহেল রানার ৭, মেহেদী হাসানের ১০, রেজওয়ান হোসেনের ৩ ও হিরণের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকেই অবজারভেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদেরকে কারখানার ভেতরে ঢzকতে দেয়নি কতৃ©পক্ষ।

কারখানাটির কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ৮ তলা ভবনের চতুর্থ তলায় তাদের এই কারখানা। এখানে টুথপেস্ট, ফেসওয়াশ ভরার টিউব বানানো হয়। দুপুরে তারা বেশ কয়েকজন কর্মচারী একটি রুমে কাজ করছিলেন। তখন সেখানে মেশিনের সঙ্গে সংযুক্ত থাকা একটি ছোট গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে কারখানাটির ৫ কর্মচারী দগ্ধ হন। এ ছাড়া সাইদ (২৫) নামে আরেক কর্মচারী হাতে আঘাত পেয়েছেন। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহাফুজুর রহমান বলেন, সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে আগুন লাগেনি বলে আমাদেরকে কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। পরে বৃষ্টির কারণে আমরা সেখানে আশ্রয় নেই এবং হেঁটে ভেতরে প্রবেশ করে ঘটনাস্থল পরিদর্শন করি।

তিনি বলেন, কারখানাটির ৮ তলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত লেনি টিউব ফ্যাশন নামক কারখানাটির কম্পিউটার মেশিনের এয়ার বাল্ব বিস্ফোরণের ঘটনায় কক্ষটির চারপাশে লাগানো কাচগুলো চূর্ণ হয়ে ছিটকে পড়লে সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তাদের ওই কক্ষে কাচের পরিবর্তে দেয়াল দেওয়ার কথা থাকলেও নিয়ম না মানায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত