সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বসবাসরত করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া দরিদ্র, অসহায় মানুষজনকে স্বাভাবিক জীবন-জীবিকা চালিয়ে নিতে বর্ডার গার্ড ব্যাটালিয়েনের (বিজিবি) পক্ষ থেকে নৌকা, ভ্যানগাড়ি, গবাদিপশু ও চায়ের স্টল উপহার দেওয়া হয়েছে।
‘আলোকিত সীমান্ত’ কর্মসূচির আওতায় বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার ২৯ জনকে এসব উপহার দেওয়া হয়। এর মধ্যে ভ্যানগাড়ি ১০, টি-স্টল ৯, গবাদিপশু ৮ এবং নৌকা দেওয়া হয়েছে ২ জনকে। এসব ব্যক্তির মধ্যে প্রতিবন্ধী ও নারীও রয়েছেন। এর আগে বিজিবির কোম্পানি কমান্ডার ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে খোঁজ নিয়ে এসব পরিবার নির্বাচন করা হয়।
উপহারসামগ্রী বিতরণকালে বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ উপস্থিত ছিলেন।
