সাংবিধানিক অধিকারের বাইরে গিয়ে কর্র্তৃত্ব খাটিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুক্তিতে তার ভিসা নিষিদ্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। অর্থাৎ বিভিন্ন সংস্থার ওপর বিদেশ থেকে কর্মী নিয়োগে যে নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন তা আর কার্যকর থাকছে না।
ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের এই স্থগিতাদেশের ফলে এখন জরুরি প্রয়োজনে বিদেশি নাগরিকদের চাকরি দিয়ে শূন্য পদগুলো পূরণ করা যাবে বলে জানিয়েছে এএফপি। প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকেই দেশের নাগরিকদের কর্মসংস্থানের ওপরই বেশি জোর দিয়ে আসছিলেন ট্রাম্প। করোনা সংকট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে গত জুনে প্রশাসনিক ক্ষমতার বলে সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধের সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি।
নতুন করে এইচ১বি, এইচ২বি, এল১ এবং জে১সহ ভিসা প্রদান বন্ধের সিদ্ধান্ত সংবলিত একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই নির্বাহী আদেশের কারণে এ বছরের শেষ পর্যন্ত আর কোনো ওয়ার্ক ভিসা দেওয়া হবে না। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ৫ লাখ ২৫ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে তখন প্রতিবাদ করে তথ্যপ্রযুক্তি ও পণ্য উৎপাদনকারী সংস্থাগুলো। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্স।
