সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১২:৫৯ পিএম

সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকায় সানজিদা (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাদিপুর ইউপির  লস্করবাড়ী গ্রামের একটি কাঁঠাল গাছ থেকে গৃহবধূর লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় সানজিদার স্বামী শামীম মিয়াকে মদনপুর এলাকা থেকে শ্বশুরবাড়ির লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে।

শামীম কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর কাইরাকান্দি গ্রামের হিরন মিয়ার ছেলে। তারা মদনপুরের চাঁনপুর এলাকার কাসেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

এলাকাবাসী জানায়, উপজেলার সাদিপুর চোতরাপাশা গ্রামের মৃত সাফিজ উদ্দিনের মেয়ে সানজিদার সঙ্গে কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর এলাকার হিরণ মিয়ার ছেলে অটোচালক শামীম মিয়া (২৫) এর সঙ্গে ৫ মাস আগে প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর জানতে পারেন তার স্বামী শামীম মাদকাসক্ত। এ নিয়ে স্বামীর সঙ্গে সানজিদার প্রায়ই কলহের সৃষ্টি হতো। শুক্রবার বিকেলে সানজিদা তার বাবার বাড়ি আসবেন বলে তার স্বামীর সঙ্গে রওনা হন। সন্ধ্যার দিকে তার স্বামী অটোরিকশায় তাকে নয়াপুর বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে যায়।

শনিবার সকালে সাদিপুর লস্করবাড়ী গ্রামের আক্কা হাজীর পরিত্যক্ত বাড়ির একটি কাঁঠাল গাছে মাটিয়ে পা লাগা অবস্থায় সানজিদার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

সানজিদার মা সালমা আক্তার জানান, বিয়ের পর থেকে তার মেয়ের পরিবারের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে তার মেয়েকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।

উপজেলার মীরেরটেক ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, সানজিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। তার স্বামী শামীমকে শ্বশুরবাড়ির লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত