মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে নানা ধরনের তথ্য আসছে গণমাধ্যমে। সিএনএন বলছে, শ্বাসকষ্টের পর তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ফক্স নিউজ আবার দাবি করছে, শ্বাসকষ্ট হয়নি।
পাল্টা-পাল্টি এমন খবরের বিপরীতে দুটি গণমাধ্যমই জানিয়েছে, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর বলেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
ট্রাম্পের শ্বাসকষ্টের খবর আসার পর হোয়াইট হাউজের চিকিৎসক শান পি কনলি জানিয়েছেন, প্রেসিডেন্টকে রেমডিসিভিরের ডোজ দেয়া হয়েছে।
চিকিৎসক বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ভালো আছেন। অক্সিজেন লাগছে না।’
সিএনএন লিখেছে, ‘ট্রাম্পের অবস্থা গুরুতর হওয়ার শঙ্কায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
একজন উপদেষ্টা এই গণমাধ্যমটিকে বলেন, ‘অবস্থা মারাত্মক।’
‘তিনি খুব ক্লান্ত। পাশাপাশি কিছুটা শ্বাসকষ্ট আছে।’
হাউজ মাইনরিটি লিডার কেভিন ম্যাকার্থি ফক্স নিউজকে বলেছেন, ‘প্রেসিডেন্ট ভালো আছেন। আমি তার সঙ্গে কথা বলেছি। শ্বাসকষ্ট নেই। আমাদের প্রেসিডেন্ট শক্তিশালী। তিনি করোনা পরাজিত করবেন।’
হাসপাতালে যাওয়ার আগে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি ভালো আছি। কিন্তু সবকিছু যেন ঠিক থাকে সেটি আমরা নিশ্চিত করতে চাচ্ছি।’
স্ত্রীর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ফার্স্টলেডি ভালো আছেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমি এর প্রশংসা করি। কখনো ভুলব না।’
