আফগানিস্তানের নানগারহার প্রদেশে ট্রাকবোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও বহু লোক আহত হয়েছেন। গতকাল শনিবার প্রদেশটির গনি খেল জেলার এ ঘটনায় হতাহতের অধিকাংশই বেসামরিক বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খুগিয়ানি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
নানগারহার প্রাদেশিক পরিষদের সদস্য ওবাইদুল্লাহ শিনওয়ারি জানিয়েছেন, বিস্ফোরণে ৫২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এ হামলার জন্য তালেবান বিদ্রোহীদের দায়ী করেছেন। গত দুই সপ্তাহে গোষ্ঠীটি ৬৫০টি হামলা চালিয়েছে আর তাতে ৬৯ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৪১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
