নয় দফা দাবিতে সারা দেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১০:৩৮ এএম

সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান-মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

শনিবার বিকেলে চট্টগ্রামে অনুষ্ঠিত এক সমন্বয় সভা থেকে এ ধর্মঘট আহ্বান করা হয়।

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান-মালিক শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক শাখা শনিবার নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এই সমন্বয় সভার আয়োজন করে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন।

সভায় ওসমান আলী বলেন, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা সংগঠনের উদ্দেশ্য নয়। ন্যায্য দাবি আদায়ের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায়ে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান-মালিক শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবদুল মান্নান জানান, সড়ক পরিবহন আইনের কারণে সারা দেশে মালিক-শ্রমিকেরা হয়রানির শিকার হচ্ছে। এই আইন সংশোধনসহ নয় দফা দাবিতে ১২ ও ১৩ অক্টোবর সারা দেশে পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।

মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহসাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সঞ্চালনায় সভায় সমন্বয় পরিষদের নেতা রুস্তম আলী, মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত