করোনা মহামারিতে আরোপ করা বিধিনিষেধ তুলে নেয়ার পর এ প্রথম ওমরাহ অনুষ্ঠিত হলো। রবিবার মক্কায় সীমিত পরিসরে আয়োজিত ওমরাহে অংশ নেন ৬ হাজার ব্যক্তি।
আলজাজিরা জানান, করোনা মহামারি সংক্রমণ রোধে মার্চের শুরুতে ওমরাহ বন্ধ করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। প্রতিবছর এক কোটি ৬০ লাখ মানুষ ওমরাহ করতে সৌদি আরবে যান।
সীমিত পরিসরে আয়োজিত হয় এবারের হজ, যাতে অংশ নিতে পেরেছিলেন মাত্র ১০ হাজার হাজি। প্রতি বছর বার্ষিক হজের জন্য প্রায় ২৫ লাখ মুসলিম ধর্মাবলম্বী মানুষ মক্কা এবং মদিনায় যান।
সেপ্টেম্বরের শেষের দিকে ওমরাহর ওপরে বিধিনিষেধ তুলে ফেলার ঘোষণা দেয় সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
করোনা পরিস্থিতির মধ্যে রবিবার থেকে শুরু হওয়া ওমরাহের জন্য প্রতিদিন ৬ হাজার তীর্থযাত্রী মক্কার মসজিদুল হারামে প্রবেশ পারবেন, যা মোট সামর্থ্যের ৩০ শতাংশ।
প্রথম পর্যায়ে শুধু সৌদি নাগরিক এবং প্রবাসীরা ওমরাহের জন্য অনুমতি পাচ্ছেন। ওমরাহ শেষ করতে প্রতি ব্যক্তি তিন ঘণ্টা করে সময় পাবেন।
দ্বিতীয় ধাপে, ১৮ অক্টোবর এই সামর্থ্য ৭৫ শতাংশে উন্নীত করে দিনে ১৫ জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।
এ ছাড়া তৃতীয় ধাপের অংশ হিসেবে বিদেশিদের আগামী ১ নভেম্বর থেকে ওমরাহর অনুমতি দেওয়া হবে। তখন শতভাগ তথা ২০ হাজার জন দিনে ওমরাহ পালন করতে পারবেন।
এখন পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৩৬ হাজারের মতো লোকের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ হাজার ৮৫০ জনের বেশি।
