শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি আজারবাইজান

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০১:১১ পিএম

আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধবিরতির জন্য সেনা প্রত্যাহারের সময়সীমাসহ কিছু শর্ত আরোপ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভ।

তবে এসব শর্ত আর্মেনীয় নেতার পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাতির উদ্দেশে দেওয়া অগ্নিগর্ভ ভাষণে রবিবার আলিইয়েভ সতর্ক করে বলেন, আর্মেনীয় নেতার আগেই ভাবা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে।

আর্মেনীয় বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এলাকা অবশ্যই ছেড়ে যেতে হবে। ইয়েরেভানকে আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতার কথা স্বীকার করতে হবে। যে অঞ্চল নিয়ে যুদ্ধ চলছে সেটি আর্মেনিয়ার অংশ নয় স্বীকার করতে হবে।’

আলিইয়েভ আরও বলেন, ‘নাগরনো-কারাবাখ আমাদের ভূমি। আমাদেরকে সেখানে ফিরতে হবে এবং আমরা এখনই তা করছি।’

তিনি বলেন, ‘এটিই শেষ। আমরা তাদের দেখিয়েছি আমরা কী। আমরা তাদের কুকুরের মতো তাড়া করছি।’

ইতোমধ্যে আর্মেনিয়ার দখলে থাকা কৌশলগত গুরুত্বপূর্ণ জাব্রাইল জেলাসহ কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে আজারবাইজান। গত ২৭ বছর ধরে এসব এলাকা আর্মেনিয়া দখল করে রেখেছিল।

আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা দুটি স্বাধীন দেশে পরিণত হয়। প্রায় চার দশক ধরে নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরোধ চলছে।

নাগরনো-কারাবাখ অঞ্চলকে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এটি এখনো আর্মেনীয় নৃগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত