নারী নির্যাতনকারী যেই হোক শাস্তি হবে : তথ্যমন্ত্রী

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০২:২০ এএম

নারী নির্যাতন-ধর্ষণের সঙ্গে যারাই যুক্ত থাকুক, যে পরিচয়ই ব্যবহার করুক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তানিয়া সুলতানা হ্যাপি রচিত ‘আমি হবো আগামীদিনের শেখ হাসিনা’ শিশুতোষ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা আগেও ঘটত, কিন্তু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন ব্যাপকতা না থাকায় অনেক ঘটনাই আড়ালে থেকেছে। এখন বেশিরভাগ ঘটনা আড়ালে থাকে না, প্রায় সব ঘটনাই প্রকাশ্যে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার, এ বিষয়গুলো যারা তুলে ধরছেন, তাদের ধন্যবাদ। এতে করে সরকারের পক্ষ থেকে এ ধরনের অপকর্ম যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজতর হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, মানুষের কথা বলার অধিকার নেই। অথচ তারা সকালে একবার, দুপুরে একবার, আবার বিকেলে আরও একবার সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে। মির্জা ফখরুল সাহেব বললে তার সঙ্গে প্রতিযোগিতা দিয়ে রিজভী সাহেব বা আরও দুয়েকজন নেতা সকাল-বিকেল-দুপুর বিষোদ্গার করে আর বলে, আমাদের কথা বলার অধিকার নেই, যা হাস্যকর।’

তথ্য সচিব কামরুন নাহারসহ বইয়ের মোড়ক উন্মোচনে আরও অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহানা জেসমিন, লেখক জাহাঙ্গীর আলম শোভন, সংস্কৃতিকর্মী দিপু সিদ্দিকী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত