নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২১-এর আসর বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ২৬তম ওই আসর শুরু হওয়ার আগেই আয়োজনটি ‘মøান’ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, ৩০০ ফুট সড়কে নির্মাণাধীন রাস্তার সংস্কারকাজ ঠিক সময়ে শেষ করতে না পারলে ভোগান্তিতে পড়বেন মেলায় আসা দর্শনার্থীরা। তাছাড়া সড়কের বেশ কয়েকটি জায়গায় খানাখন্দের কারণে মেলা প্রাঙ্গণে আসতে আগ্রহ হারাবেন আগন্তুক, দর্শক কিংবা ক্রেতা-বিক্রেতারা। পাশাপাশি বড় ধরনের লোকসানের কথা চিন্তা করে বাণিজ্য মেলার পূর্বাচলের আসরে দোকান বসানোর ব্যাপারে আগ্রহ হারাতে পারেন ব্যবসায়ীরাও। তবে নির্ধারিত সময়ের মধ্যে সড়কের নির্মাণ ও সংস্কারকাজ শেষ করতে পারলেই জমে উঠবে এবারের বাণিজ্য মেলা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাণিজ্য মেলাকে কেন্দ্র করে পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরের ৩১২ নম্বর রোডের ০০২ নম্বর প্লটে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ করা হয়েছে। ৩৫ একর জমির ওপর নির্মাণাধীন সেন্টারটিতে আধুনিক কার পার্কিং, সম্মেলন কক্ষ, সভাকক্ষ, প্রেস সেন্টার, অভ্যর্থনা কক্ষ, বাণিজ্য তথ্যকেন্দ্র, আধুনিক সুবিধা সংবলিত ডরমিটরিসহ বিভিন্ন সুবিধা থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, আধুনিক ব্যবস্থাসহ বিদ্যুতের নিজস্ব সাবসেন্টার, সার্ভিস রুম, অভ্যন্তরীণ রাস্তা, কালভার্ট ও সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।
সুজন মিয়া, রিপন মিয়া ও মো. শরীফসহ বেশ কয়েক স্থানীয় বাসিন্দা দেশ রূপান্তরকে বলেন, ‘পূর্বাচলে বাণিজ্য মেলার আয়োজনের খবরে অনেক আনন্দিত। তবে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার সংস্কারকাজ শেষ করতে না পারলে আলোর মুখ দেখবে না আয়োজনটি। জায়গায় জায়গায় খানাখন্দের কারণে চলাচল করাও কষ্টের আর ভোগান্তির। তাছাড়া সড়কটি দিয়ে আশপাশের কয়েকটি জেলার মানুষ যাতায়াত করায় সবসময়ই যানজট লেগে থাকে। তাই এ ব্যাপারে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।’
গত মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর কুড়িল থেকে ৩০০ ফুট সড়কটির উন্নয়নকাজ চলমান। উন্নয়নকাজের মাটি সড়কে পড়ার পর বৃষ্টিতে পুরো রাস্তাই কর্দমাক্ত হয়ে গেছে। জায়গায় জায়গায় খানাখন্দ-বেহাল দশাও চোখে পড়েছে। ডেমরা-কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ অংশের বেশিরভাগই ভেঙে পড়েছে। ফলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থাও নাজুক হয়ে পড়েছে। তাছাড়া এশিয়ান বাইপাস মহাসড়কটি দুই লেনের হওয়ায় ভুলতা ও গাউছিয়া এলাকা হয়ে সিলেট, নরসিংদী, চট্টগ্রামের মালবাহী গাড়ি চলাচলের কারণে সবসময়ই যানজট লেগে থাকে।
ইপিবি কর্র্তৃপক্ষ বলছে, মেলা প্রাঙ্গণের নির্মাণকাজ প্রায় ৯৮ শতাংশ শেষ। শতভাগ শেষ করতে সময় কিছুটা বাড়ানো হয়েছে। তবে রাস্তাঘাটের দুরবস্থার কারণে দর্শনার্থীদের পদচারণা কম হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এ বিষয়ে জানতে চাইলে পূর্বাচল নতুন শহর প্রকল্প পরিচালক (পিডি) উজ্জ্বল মল্লিক দেশ রূপান্তরকে বলেন, ৩০০ ফুট সড়কের উন্নয়নকাজ চলছে। তবে চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। বাণিজ্য মেলা শুরুর আগেই সব সমাধান করা হবে।’
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, ‘বাণিজ্য মেলাকে ঘিরে রাস্তাঘাটের বিষয়ে সুনজর দিয়েছি। দ্রুতই সবকিছুর সমাধান করা হবে। সড়ক ও মহাসড়কের বিষয়টিও ঊর্ধ্বতন বিভাগ দেখবে।’
