শেরপুর শহরে বাসায় ঢুকে সুদানে শান্তি মিশনে অবস্থানরত এক সেনাসদস্যের স্ত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা। রাজশাহীর চারঘাটে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে ভ্যানচালককে। কুমিল্লা সদরের গোমতী নদী ও বরুড়ার কার্জন খাল থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাতসহ দুজনের ভাসমান লাশ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
শেরপুর : শহরের মোল্লাপাড়া মহল্লায় বিদেশে শান্তি মিশনে অবস্থানরত এক সেনাসদস্যের স্ত্রীকে খুন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শান্তি মিশনে সুদানে আছেন সেনাসদস্য নাজিম উদ্দিন। তাদের দুই সন্তান নিয়ে স্ত্রী সৌরভী বসবাস করে আসছিলেন শেরপুর জেলা শহরের মোল্লাপাড়া মহল্লার নিজ বাসায়। গত বুধবার রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা প্রথমে বাসার বিদ্যুতের লাইন কেটে দেয়। পরে বাসায় ঢুকে সৌরভীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে ফেলে রেখে যায়। তবে বাসার কোনো মালামাল নিয়ে যায়নি দুর্বৃত্তরা বলে স্বজনরা জানান।
রাজশাহী : চারঘাটে সাজদার রহমান (৪৫) নামে এক ভ্যানচালককে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত সাজদার উপজেলার ইউসুফপুর সিপাইপাড়ার আবদুস সাত্তার আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউসুফপুর কলেজের পাশের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু নিহতের পারিবারের বরাত দিয়ে জানান, সাজদার রহমান পাঁচ সন্তানের জনক। গত বুধবার বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেননি। সকালে তার লাশ আমবাগানে দেখা যায়। এ সময় তার ভ্যানটি কলেজ মোড়ে পড়েছিল।
কুমিল্লা : সদর উপজেলার গোমতী নদীর টিক্কাচর ও বরুড়া উপজেলার কার্জন খাল থেকে দুটি ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের কবাড়িয়া বাজার সড়কের মুগগাঁও (দক্ষিণপাড়া) বাঁশেরপুলের পাশে কার্জন খাল থেকে সুমন মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয়রা কার্জন খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত সুমন মিয়া বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাঁওয়ের আবদুল মান্নান মিয়ার ছেলে। অপরদিকে কুমিল্লা সদরের টিক্কাচর ব্রিজ এলাকায় গতকাল বিকেলে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
