জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন শনিবার। এই প্রথম কালাই উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে, এ বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ পৌরসভার ৯টি ওয়ার্ডে, ৪০ বুথে পুরুষ ভোটার ৬,৪৪৯ জন, মহিলা ভোটার ৭,০৭২ জন, মোট ১৩,৫২১ জনের মধ্যে ভোট গ্রহণ হবে।
কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল। বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আনিছুর রহমান তালুকদ। স্বতন্ত্র নারকেল গাছ মার্কার প্রার্থী মামুনুর রশিদ রাহুল।
জেলা নির্বাচন অফিসার ও কালাই পৌরসভা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহা. শহীদুল ইসলাম বলেন, ৯টি কেন্দ্রে, ৯জন ম্যাজিস্টেটসহ পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার ৪ স্তরের নিরাপত্তা মোতায়েন থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কালাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম জন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান। সেই থেকে কালাই পৌরসভার মেয়রের পদ শূন্য হয়। সেই পদে শনিবারে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
