কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার সকালে এই সংঘর্ষে দু’পক্ষের গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক সপ্তাহ আগে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা-রেজা মন্ডল পক্ষের সঙ্গে রাশিদুল-লাবু শকাতি পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এই বিরোধের জের ধরে শনিবার সকালে রাশিদুল ও শকাতি পক্ষের সমর্থকরা বাদশা এবং রেজা মন্ডলের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফরিদ হোসেন নামের এক ব্যক্তি নিহত হন। নিহত ফরিদ স্থানীয় বাসিন্দা মৃত ময়েন ফারাজির ছেলে ও রাশিদুল-লাবু শকাতি পক্ষের সমর্থক।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
