নোয়াখালীর সুবর্ণচরে স্বামী ও শ^শুরবাড়ির লোকজনের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। টাকার বিনিময়ে অন্য পুরুষের সঙ্গে রাত কাটাতে বাধ্য করতে চাওয়াসহ নিজের নির্যাতনের বিভিন্ন চিত্র তুলে ধরে ঘটনার পুরো বর্ণনা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ওই গৃহবধূ। ৭ অক্টোবর পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করে বাড়িতে গেলে সেখানেও তাকে পুনরায় মারধর করে আহত করেন স্বামী জয়নাল।
অপরাধীরা গৃহবধূকে বিভিন্ন মাধ্যমে গুম-খুনের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন নির্যাতনের শিকার ওই নারী। লিখিত অভিযোগের পর ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না করায় পালিয়ে বেড়াতে হচ্ছে ওই গৃহবধূকে। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর পুলিশ গত শুক্রবার বিকেলে স্বামী জয়নালকে গ্রেপ্তার করে।
ভিডিওতে ওই নারী বলেন, এক বছর ধরে তাকে যৌতুকের দাবিতে জয়নাল আবেদিন ও তার বড় ভাই মাঈন উদ্দিন (৪০), জসিম উদ্দিন (৪৩), মাঈন উদ্দিনের ছেলে তারেক (১৯) একাধিকবার অমানুষিক নির্যাতন করে। ৫ অক্টোবর পুনরায় তাকে যৌতুকের জন্য মারধর করেন জয়নাল আবেদিন।
তিনি আরও বলেন, তিন-চার মাস ধরে জয়নালের পরিচিত লোকের সঙ্গে টাকার বিনিময়ে রাত কাটাতে বাধ্য করার চেষ্টা করেন, এতে তিনি রাজি না হলে শুরু হয় নির্মম নির্যাতন। পরে কৌশলে তিনি পালিয়ে এসে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে চরজব্বার থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল বলেন, শুক্রবার বিকেলে জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।
