চুয়াডাঙ্গায় দুই ইউপির একটিতে নৌকা ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয়

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৯:১৪ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদার নাটুদহ এবং নতিপোতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটিতে নৌকার প্রার্থী ও আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নাটুদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম ইসলাম শফি ৪ হাজার ৬২ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) আব্দুল হালিম পেয়েছেন ৩ হাজার ৩৫৭ ভোট।

অপরদিকে নতিপোতা ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) ইয়ামিন আলী ৫ হাজার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোটরসাইকেল প্রতীকের প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) হাজি রবিউল হাসান পেয়েছেন ৩ হাজার ৩৪৩ ভোট।

নির্বাচনে রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস জানান, দুটি ইউনিয়নের মধ্যে নাটুদহ ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১৪ হাজার ৮২৬। এর মধ্যে ভোট পড়েছে ১২ হাজার ৬৬৫টি। বাতিল হয়েছে ২৮০ ভোট। উপস্থিতির হার ৮৫ ভাগ।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ মার্চ এই দুটি ইউনিয়নে ভোট গ্রহণের দিন ধার্য থাকলেও করোনাভাইরাসের কারণে ভোটের ঠিক এক সপ্তাহ আগে নির্বাচন কমিশন থেকে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

পরবর্তীতে গত মাসের ১৬ তারিখে স্থগিতকৃত ওই দুটি ইউনিয়নে নতুনভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত