রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বসন্ত তঞ্চঙ্গ্যা প্রকাশ দুর্জয় (৩৭) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে। দুর্জয় রাইখালীর ভালুকিয়া পাড়ার মৃত শশধর তঞ্চঙ্গ্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাইখালীর বালুতলি থেকে মোটরসাইকেল চালিয়ে দুর্জয় কারিগরপাড়ায় এলে অস্ত্রধারী অজ্ঞাত তিন পাহাড়ি সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুর্জয়ের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা উখ্যাইমং মারমা জানান, দুর্জয় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করলেও এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের চাঁদা আদায়কারী (কালেক্টর) হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জেএসএসের সংস্কারপন্থিরা তাকে হত্যা করেছে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এ বিষয়ে জেএসএসের কারও বক্তব্য পাওয়া যায়নি।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, দুর্জয়ের শরীরে দুটি গুলি লেগেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
