থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। হতাহতরা সবাই বাসটির আরোহী ছিলেন বলে জানা গেছে।
রাজধানী ব্যাংককের ৬৩ কিলোমিটার পূর্বে ক্লোং কোয়ায়েং ক্ল্যান রেলস্টেশনের কাছে গতকাল রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে চাচোয়েংসাও প্রদেশের গভর্নর মৈত্রী ত্রিতিলানন জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, চা চোয়েং সাও প্রদেশের একটি বৌদ্ধমন্দিরের অনুষ্ঠানে যাচ্ছিলেন বাসটির ৬০ যাত্রী। পথে একটি ক্রসিংয়ে বাসটি রেললাইন পার হওয়ার সময় থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় এলাকা থেকে রাজধানী ব্যাংককের পথে থাকা মালবাহী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে রেললাইনের ট্র্যাকের ওপর বাসটিকে পড়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ক্রেন ছাড়া সেখান থেকে এটি সরানো সম্ভব নয়। এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথ চানওচা।
