প্রতিযোগিতা সুস্থ না হলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম বলেছেন, বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে কাজ চলছে। আমরা বাঁচার জন্য ভোগ করি। ভোগের জন্য নানা পণ্য কিনতে বাজারে যাই। আমাদের জীবন মার্কেটকেন্দ্রিক। যে দেশের মার্কেট যত বড় সে দেশ তত ধনী। মার্কেট ইকোনমিতে প্রতিযোগিতা কমিশন প্রতিযোগিতা নিশ্চিত করতে কাজ করছে। এজন্য বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রবিবার রাজধানীর ইস্কাটনে সংস্থাটির সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ’ শিরোনামে দিনব্যাপী এ কর্মশালা হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফরউদ্দীন। কর্মশালায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য জিএম সালেহউদ্দিন, আবদুর রউফ, ড. এএফএম মনজুর কাদির। এ সময় উপস্থিত ছিলেন ডিজেএফবির সভাপতি এফএইচএম হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান।
মফিজুল ইসলাম আরও বলেন, বাজার একটা খেলার মাঠ। তবে এখানে খেলোয়াড় হচ্ছেন উৎপাদনকারী, ব্যবসায়ী এবং ভোক্তারা। সরকার বাজারে রেফারির দায়িত্ব পালন করে থাকে। বাজারে অসুস্থ প্রতিযোগিতা হলে কমিশন আইন প্রয়োগ করছে। স্স্থু প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
