নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পারিবারিক ঝাড়ের বাঁশ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই আমজাদ আলী কুপিয়ে হত্যা করেছে বড় ভাই ইমান আলীকে (৬০)। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমান আলী ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে এবং প্রতিপক্ষ সহোদর আমজাদ আলী (৫৫) ও আহম্মদ আলী (৪০) ঘটনার পর থেকে সপরিবারে পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায় যায়, ভাইদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। গতকাল বেলা ১১টার দিকে ইমান আলী ও তার ছেলে সোহরাব ঝাড়ে বাঁশ কাটতে যান। এ সময় আমজাদ আলী ও আহম্মদ আলীর সন্তানরা প্রথমে বাধা দেয় এবং দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে আমজাদ আলী দৌড়ে বাড়ি থেকে দা এনে বড় ভাই ইমান আলী ও ভাতিজা সোহরাবকে কুপিয়ে জখম করে। পরে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান ইমান আলী।
এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন বলেন, ভাইদের মধ্যে পারিবারিক শত্রুতা ছিল। ঘটনার পর থেকে নিহতের প্রতিপক্ষ দুই ভাই পরিবার-পরিজন নিয়ে পলাতক।
