ঝড়ো বাতাসে সচিবালয়ে একটি গাছ উপড়ে চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস উঠলে ৫ নম্বর ভবনের সামনের বাগানের বড় একটি জাকারেন্ডা গাছ উপড়ে পশ্চিম দিকে হেলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগানের পশ্চিম পাশ ঘেঁষে ‘পার্ক’ করে রাখা দুটি প্রাইভেটকার এবং দুটি মাইক্রোবাসের উপর গাছটি পড়ে। একটি প্রাইভেটকারের সামনের কাঁচ ও উপরের অংশ দুমড়ে-মুড়চে যায়। অন্য গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃষ্টির থামার পর হেলেপড়া গাছটির ডালপালা কেটে গাড়িগুলো বের করা হয়।
গণপূর্ত বিভাগের সচিবালয়ে বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মী হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, বাগানে মাটির গভীরতা খুব বেশি না হওয়ায় গাছটি হেলে পড়ে। আমরা দ্রুত গাছটি চলাচলের স্থান থেকে সরিয়ে নিয়েছি।
