মৎস ভবন মোড়ে বাসচাপায় বৃদ্ধা নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১১:১৭ পিএম

রাজধানীর মৎস্য ভবন মোড়ে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কা রেজিয়া খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার মেয়ে রিনা আক্তার (৩০)।

সোমবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রেজিয়া বেগমকে চিকিৎসক সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।

নিহত রেজিয়া খাতুনের ছেলে আবুল হাসান জানান, তাদের বাড়ি পাবনা সুজানগর উপজেলার নুরউদ্দিনপুর গ্রামে। দুই ছেলে ও দুই মেয়ের জননী রেজিয়া খাতুন। তার স্বামী রশিদ খান একজন মুক্তিযোদ্ধা। আবুল হাসান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে মশক কর্মী হিসেবে চাকরি করেন। আর থাকেন গণপূর্ত কোয়ার্টারে। তার মা দাঁতের চিকিৎসার জন্য পাঁচ-ছয় দিন আগে গ্রামে থেকে তার কাছে আসেন।

তিনি জানান, আজকে তার মাকে মিরপুর ১ নম্বরের বাসায় নিয়ে যেতে এসেছিল বোন রিনা। বিকেলে আবুল হাসান নিজেই মা ও বোনকে মৎস ভবন মোড়ে নিয়ে যায় গাড়িতে উঠিয়ে দিতে। তবে মোড়ে মা ও বোন রিনা দুজনই রাস্তা পার হচ্ছিল। তখনই একটি বাস তাদের সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি বলেন, বোন রিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার দুই পায়েই আঘাত রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রেজিয়া বেগমের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আর আহত রিনা জরুরী বিভাগে চিকৎসাধীন রয়েছে। তার দুই পায়েই আঘাত রয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, মা মেয়ে মৎস ভবন মোড় বার কাউন্সিলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মা নিহত ও মেয়ে আহত হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে ও এর চালককে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত