খুলনা জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের ফাঁসি

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১১:৪৪ পিএম

জয়পুরহাটে শিশু অপহরণ ও হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়েছে। খুলনায় গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, বরিশালে শিশুসন্তানকে হত্যা মামলার রায়ে মাসহ দুজনকে যাবজ্জীবন কারাদ-ের রায় দিয়েছে আদালত। রায়ে সব আসামিকে জরিমানা করা হয়েছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

জয়পুরহাট : শিশুকে অপহরণ ও হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদন্ডের রায় দেওয়া হয়েছে। একই মামলায় অপহরণ অংশে তাদের দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ড এবং ১৭ লাখ টাকা জরিমানা। গতকাল সোমবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার রশিদপুর মোলান গ্রামের উত্তমকুমার সরকার (২৯), বীরেন চন্দ্র বর্মণ ওরফে বীরেশ চন্দ্র বর্মণ (৩৮) ও সন্তোষ সরকার ওরফে টেপলো (২৮), বিনধারা গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে রাব্বু (৩৮), ওবায়দুল ইসলাম (২৫)। তাদের মধ্যে উত্তমকুমার সরকার জামিন নিয়ে পলাতক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ ডিসেম্বর দুপুরে পাঁচবিবি উপজেলার রশিদপুর মোলান গ্রামের পরেশ চন্দ্রের আড়াই বছরের শিশু আরাধা রানী বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয়। শিশুটির বাবা পরেশ চন্দ্র ওই দিনই অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে অপহরণের পর মুখ ও হাত স্কচটেপ দিয়ে বেঁধে আসামি বীরেশ চন্দ্রের বাড়িতে বাক্সবন্দি করে রাখা হয়। সেখানে শিশুটি মারা গেলে মরদেহ বাড়ির অদূরে একটি পুকুরপাড়ে চাপা দিয়ে তারা পালিয়ে যায়।

খুলনা : গৃহবধূ টুম্পা মন্ডল হত্যা মামলায় স্বামী প্রসেনজিৎ গায়েনসহ তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন অনিমেষ গায়েন এবং বিপ্লব কান্তি মন্ডল। এ ছাড়া দন্ডপ্রাপ্ত আসামিদের দুটি ধারায় ৪৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও সাত বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৭ অক্টোবর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদীতে গৃহবধূ টুম্পাকে চুবিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

বরিশাল : মায়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরচর থানার পশ্চিম রতনপুর গ্রামে রনি দুয়ারী নামে এক শিশুকে হত্যার দায়ে মা ও তার দুই পরকীয়া প্রেমিককে এ দন্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ হোসেন এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত শিশু রনির মা কণা বেগম এবং তার দুই প্রেমিক রুহুল আমিন নলি ও শাহীন নলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত