টাঙ্গাইলের প্রস্তাবিত ধলেশ্বরী থানায় মির্জাপুর উপজেলার দুই ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বানাইল ও আনাইতারা ইউনিয়নের দশ সহস্রাধিক মানুষ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাকুল্যায় তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুর, মির্জাপুর, দেলদুয়ার উপজেলার কিছু এলাকা নিয়ে প্রস্তাবিত ধলেশ্বরী থানা গঠনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে এবং এলাকায় পোস্টারিং করে প্রচার করা হয়। এতে মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়। এই প্রস্তাবের বিরুদ্ধে ওই দুই ইউনিয়নের সর্বস্তরের লোকজন আন্দোলনে নামেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর তারা বানাইল ইউনিয়নের ভাবখন্ড বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পাকুল্যায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বানাইল-আনাইতারা ইউনিয়ন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক খন্দকার আব্বাস বিন হাকিম। এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, বানাইল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন খান, আনাইতারা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, ফতেপুর ইউপি চেয়ারম্যান আবদুর রউফ, মহেড়া ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া প্রমুখ। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
